দেশের পাঁচ অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ সতর্কতা জারি করা হয়। এতে বলা হয়েছে, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা এই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশে অবস্থান করছে। পাশাপাশি মৌসুমী স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায়।
এর প্রভাবে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগ-এর কিছু এলাকায় এবং রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ ও চট্টগ্রাম বিভাগ-এর দু-এক জায়গায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।