সুনামগঞ্জের তাহিরপুরে ভুয়া এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা) সদস্য পরিচয়দানকারী এক যুবককে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে তাহিরপুর সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম আরাফাত হোসাইন। তিনি সুনামগঞ্জের সদর উপজেলার মাইজবাড়ি এলাকার বাসিন্দা। জানা গেছে, আরাফাত হোসাইনের পৈতৃক নিবাস তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর (রায় পাড়া) গ্রামে। ২০২৩ সালে তিনি হিন্দু ধর্ম ত্যাগ ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের নতুন গুদিগাঁও গ্রামের তামান্না নামের একজন মেয়ে বিয়ে করেন।
তখন থেকে তিনি সুনামগঞ্জের মাইজবাড়ি গ্রামে বসবাস করেন। ভুয়া এনএসআই পরিচয়দানকারী আরাফাত হোসাইনের বিরুদ্ধে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বলেন, ভুয়া এনএসআই সদস্য পরিচয়দানকারী ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।