রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের কার্যালয় ও বাসভবন থেকে সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কূটনৈতিক সূত্রে জানা গেছে, এ নির্দেশনা কোনো আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইলে পাঠানো হয়নি। টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে বিষয়টি জানিয়ে পরে অন্য মিশনগুলোতে খবরটি পৌঁছে দিতে বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে যে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে স্পষ্টভাবে জানানো হয়েছে কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি অবিলম্বে সরিয়ে ফেলতে হবে।
দূতাবাস সূত্র জানায়, বিদেশে নিযুক্ত বাংলাদেশের দূতাবাস, হাইকমিশন ও কূটনীতিকদের বাসভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি টানানো ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সেই ছবি তাৎক্ষণিকভাবে নামিয়ে ফেলতে বলা হয়েছে। নির্দেশনার বাস্তবায়ন তদারকির জন্য অঞ্চলভিত্তিক একজন করে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা নিশ্চিত করবেন যে মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে। এ পদক্ষেপে বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে আর কোনো রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানের ছবি থাকছে না।