রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের পর উদ্ধার কার্যক্রমে অনভিপ্রেত ঘটনার বিষয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে এই বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় সোমবার (২১ জুলাই) দুপুর আনুমানিক ১টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় শিশুসহ একাধিক নিরীহ নাগরিক হতাহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর নিকটবর্তী ক্যাম্প থেকে সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও অন্যান্য উদ্ধারকারী সংস্থার সঙ্গে সমন্বয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন। আহতদের দ্রুত চিকিৎসা সহায়তা প্রদানে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হয়।
এমন পরিস্থিতির মধ্যেও সেনাসদস্যরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে। তবে উল্লেখ্য, উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়া ১৪ জন সেনাসদস্য শারীরিকভাবে অসুস্থ হয়ে বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।