সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতির ঘটনায় ২ জন গ্রেফতার, আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজার সদর উপজেলার বাউরবাগ এলাকায় ডাকাতির প্রস্তুতির ঘটনায় দায়েরকৃত মামলায় কুখ্যাত ডাকাত সর্দার রুবেল মিয়া (৪০) ও আশরাফ হোসেন আশরাফুল আশাই (২৯)-কে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। একইসঙ্গে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি আগ্নেয়াস্ত্র (পাইপগান) ও একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।

এ নিয়ে একই ঘটনায় এখন পর্যন্ত মোট ২টি আগ্নেয়াস্ত্র, ২১ রাউন্ড তাজা গুলি এবং ১টি ব্যবহৃত গুলির খোসা উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ১৩ এপ্রিল রাত আনুমানিক সাড়ে  ১০ ঘটিকায় মৌলভীবাজার সদর উপজেলার বাউরবাগ এলাকায় ৬ থেকে ৭ জনের একটি ডাকাতদল কবরস্থানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

এসময় স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করলে ডাকাতদল একটি গুলি ছোঁড়ে। এতে তাদের দলের সদস্য সৈয়দ শামসুর রহমান আতিক (৩০) গুলিবিদ্ধ হয়ে পড়ে এবং অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় জনতার সহায়তায় আহত অবস্থায় শামসুর রহমান আতিককে আটক করা হয়।

তার নিকট হতে একটি আগ্নেয়াস্ত্র ও ২১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ ঘটনার প্রেক্ষিতে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ তদন্ত শুরু করে এবং আটকের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৬ এপ্রিল সিলেটে ও হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত রুবেল মিয়া ও আশরাফ হোসেনকে গ্রেফতার করে।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্য মতে একই দিন ভোরে মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের উত্তর বাড়ন্তি এলাকার মথাখাই (পশ্চিম বাড়ন্তি) গামী রাস্তার উত্তরে খালপাড় সংলগ্ন একটি কলা বাগান হতে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি পাইপগান এবং একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়।

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের এর নেতৃত্বে এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই হীরণ কুমার বিশ্বাস, এসআই উৎপল কুমার সাহা, এসআই জয়ন্ত সরকার, এএসআই রানা মিয়া, এএসআই সাইদুর রহমান ও কনস্টেবল পিন্টু চন্দ্র শীলসহ একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত তিনজন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের মধ্যে রুবেল মিয়ার বিরুদ্ধে সিলেট অঞ্চলে ডাকাতিসহ বিভিন্ন ঘটনায় ১১টি এবং আতিকের বিরুদ্ধে ৫ টি মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃতদের মধ্যে গুলিবৃদ্ধ সৈয়দ শামসুর রহমান আতিক বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ডাকাত দলের অন্যান্য পলাতক সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের পরিচয়: সৈয়দ শামসুর রহমান আতিক, পিতা- সৈয়দ মখলিছুর রহমান, সাং- বুড়িকোনা, থানা- রাজনগর, জেলা- মৌলভীবাজার। রুবেল মিয়া (৪০), পিতা- ফটিক মিয়া, সাং- হরিধরপুর, থানা- নবীগঞ্জ, জেলা- হবিগঞ্জ। আশরাফ হোসেন আশরাফুল আশাই (২৯), পিতা- মৃত জয়তুন উল্লাহ, সাং- কালনিরচর, ৬নং ওয়ার্ড, আশারকান্দি ইউপি, থানা- জগন্নাথপুর, জেলা- সুনামগঞ্জ।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!