সিলেটের মোগলাবাজার থানা পুলিশের অভিযানে অবৈধভাবে আনা ১৪টি ভারতীয় মহিষসহ ৩ জনকে আটক করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(এসি) মো. মনির হোসেনের নেতৃত্বে পুলিশ এ অভিযান পরিচালনা করে।
এসময় এএসআই মোঃ সোহেল রানাসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। পুলিশ জানায়, মোগলাবাজার থানাধীন সিলেট-জকিগঞ্জ সড়কের শ্রীরামপুর বাইপাস পয়েন্টে রসমেলা দোকানের সামনে অভিযান চালিয়ে একটি মহিষ বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০০৬৪৩) জব্দ করা হয়।
ট্রাকটির আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা এবং জব্দকৃত ১৪টি মহিষের মূল্য প্রায় ৩০ লাখ টাকা। পরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. শিহাব উদ্দিন মুন্না ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত করেন, মহিষগুলো দেশীয় নয়। শারীরিক বৈশিষ্ট্য অনুযায়ী এগুলো ‘মুররা’ জাতের, যা সাধারণত ভারতীয় মহিষ হিসেবে পরিচিত।
আটককৃতরা হলেন, মোঃ রাসেল হোসেন (৩৫) রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা থানার নবগঙ্গা গ্রামের বাসিন্দা, মোঃ শাকিল (২৫) পুটিয়া থানার বড় ধাদাস গ্রামের বাসিন্দা এবং আব্দুর রাকিব (৫৪) গোদাগাড়ী থানার জাহানাবাদ মেলাপাড়া গ্রামের বাসিন্দা। এ তথ্য নিশ্চিত করেছেন এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় মোগলাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।