শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

সাচনাবাজারে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ব্রিটিশ আমলের হাসপাতাল,পুনরায় চালুর দাবি এলাকাবাসীর

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজারে অবস্থিত ব্রিটিশ আমলে নির্মিত পুরোনো স্বাস্থ্য কমপ্লেক্সটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। অথচ দীর্ঘদিন ধরে এটি পুনরায় চালুর দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। বিশেষ করে সুরমা নদীর উত্তর পাড়ের তিনটি ইউনিয়নের মানুষ নিয়মিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের।

জানা গেছে, ব্রিটিশ শাসনামলে প্রতিষ্ঠিত সাচনা থানা ডিসপেনসারি ছিল তৎকালীন জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও বিশ্বম্ভরপুর এলাকার একমাত্র স্বাস্থ্যসেবা কেন্দ্র। ১৯৪০ সালে হাসপাতালটি স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয় এবং বছর দশেক আগেও এটি কিছুটা চিকিৎসাসেবা দিত। কিন্তু সুরমার দক্ষিণ পাড়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গড়ে ওঠার পর থেকেই এটি কার্যত বন্ধ হয়ে যায়।

এরপর থেকে সুরমার উত্তর পাড়ের জামালগঞ্জ উত্তর, সাচনাবাজার ও বেহেলী ইউনিয়নের লাখো মানুষ চিকিৎসার জন্য নদী পার হয়ে উপজেলা সদর যেতে বাধ্য হন। বিশেষ করে রাতের বেলা, কিংবা গর্ভবতী ও জরুরি রোগীদের ক্ষেত্রে এ নদীপথ পাড়ি দেওয়া অনেক সময় সম্ভব হয় না। এতে প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে জানান স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বছরের পর বছর এলাকাবাসীর দাবির পরও কোনো সরকার বিষয়টির প্রতি গুরুত্ব দেয়নি। বরং অবহেলায় পড়ে থাকা ভবনটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। একাধিকবার অবৈধ দখলদারদের কবলেও পড়ে ভবনটি। ওয়ান-ইলেভেনের সময় দখলমুক্ত করে প্রাচীর নির্মাণ করা হয়। পাশে রয়েছে মুক্তিযুদ্ধের শহীদ সিরাজুল ইসলামের স্মৃতিফলক ও শহীদ মিনার।

২০১৯ সালে তৎকালীন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সুপারিশে জামালগঞ্জ উপজেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান ইউসুফ আল আজাদ স্বাস্থ্য মন্ত্রণালয়ে ১০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল চালুর দাবি জানিয়ে আবেদন করেন। কিন্তু এরপর আর অগ্রগতি হয়নি।

সম্প্রতি সাচনাবাজার বণিক কল্যাণ সমিতিসহ সচেতন নাগরিকরা হাসপাতালটি চালুর দাবিতে নতুন করে সোচ্চার হয়েছেন। সমিতির সাংগঠনিক সম্পাদক খুরশিদ আলম জানান, “৩টি ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরে এই হাসপাতাল চালুর জন্য দাবি জানিয়ে আসছেন। চলতি মাসের ৯ তারিখে জেলা প্রশাসক, সিভিল সার্জন ও ১৩ তারিখে উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন দিয়েছি। কিন্তু এখনো কোনো সাড়া মেলেনি।”

সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম আহমদ বলেন, “আমরা ছোটবেলায় দেখেছি এই হাসপাতালেই চিকিৎসাসেবা দেওয়া হতো। এখন সেটি ভূতুড়ে ভবনে পরিণত হয়েছে। দ্রুত এটি চালু করা দরকার।”

এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈন উদ্দিন আলমগীর বলেন, ‘পুরোনো হাসপাতালটি চালু হওয়া দরকার। আমরা প্রস্তাবনা দিয়েছি। এটি এখন পুরোপুরি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সিলেট বিভাগের স্বাস্থ্য পরিচালকও বিষয়টি অবগত আছেন।’

সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন বলেন, “আমি হাসপাতালটি পরিত্যক্ত অবস্থায় দেখেছি। এটি চালু করা দরকার। তবে পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ ও জনবল নিয়োগ ছাড়া তা সম্ভব নয়। আগেও প্রস্তাব পাঠানো হয়েছে, প্রয়োজনে আবার পাঠানো হবে।”

সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ‘হাসপাতালটি চালুর বিষয়টি আমাদের বিবেচনায় আছে। জায়গা-জমি পর্যাপ্ত রয়েছে, তাই চালু হলে সাচনাবাজার ও আশপাশের মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য হবে।’

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!