সুনামগঞ্জের সদরে পুকুরে সাঁতার কাটার সময় পানিতে ডুবে সাবিদ আহমেদ মুরসালিন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের পেছনের পুকুরে এই দুর্ঘটনা ঘটে। সাবিদ আহমেদ পৌর শহরের মল্লিকপুরের ইসলাম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে কয়েকজন বন্ধুবান্ধব নিয়ে সদর উপজেলা পরিষদের পেছনের পুকুরে সাঁতার কাটতে যায় সাবিদ আহমেদ মুরসালিন। সাঁতার কেটে পুকুরের পশ্চিম পাড়ের পাকা ঘাট থেকে পূর্ব পাড়ে যাওয়ার চেষ্টা করলে কিছুদূর যাওয়ার পর পানিতে তলিয়ে যান তিনি। সাথে থাকা বন্ধুরা পুকুরের পাড়ে উঠে তাকে দেখতে না পেয়ে স্থানীয়দের জানালে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালামের উপস্থিতিতে স্থানীয়দের সহযোগিতায় প্রায় আধা ঘণ্টার অভিযানে পুকুর থেকে সাবিদকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শফিকুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই তার মৃত্যু হয়েছে।