সুনামগঞ্জ প্রতিনিধি:- সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলন কারীদের ওপর হামলা মামলায় সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আহসান জামিল আনাছকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার সুনামগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালতের বিচারক রোকন উদ্দিন কবির জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আহসান জামিল সুনামগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। সুনামগঞ্জ পৌর শহরে গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজহারভুক্ত আসামি তিনি।
তার জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী রবিউল লেইস।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ বাদী হয়ে ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন।
এই মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জের সাবেক দু’জন সংসদ সদস্যসহ ৯৯ জনকে আসামি করা হয়। মামলায় অজ্ঞাত আসামি আছেন আরও ১৫০ থেকে ২০০ জন।