সিলেট নগরীর সাগরদিঘীরপাড় ওয়াকওয়েতে আবারও উত্যক্ত ও ছিনতাইচেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ওয়াকওয়েতে বসে থাকা এক দম্পতিকে ঘিরে ধরে একদল যুবক। পরে তাদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার এডিসি মো. মনজুরুল আলম জানান, অর্প রায় ও তার স্ত্রী পলি রাণী সূত্রধর ওই সময় ওয়াকওয়েতে বসে কথা বলছিলেন। এসময় কয়েকজন যুবক এসে তাদের স্বামী-স্ত্রী পরিচয় নিয়ে প্রশ্ন তোলে এবং বিভিন্নভাবে হয়রানি শুরু করে।
একপর্যায়ে তারা ভয়ভীতি দেখিয়ে দম্পতির কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
আটকরা হলেন, সাদিকুল হক সাদিক (২০), অর্পন বিশ্বাস (২১) ও রিফাত (২২)। তারা নগরীর বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে একই ওয়াকওয়েতে এক শিক্ষার্থী দম্পতিকে উত্যক্তের ঘটনায় একজনকে আটক করেছিল পুলিশ, যা নিয়ে নগরবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।