প্রথম সকাল ডেস্ক:- সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় মসজিদ কমিটির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দু পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকাল ১২ টায় তাড়ল ইউনিয়নের সরালীতুপা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের ২২ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে ৬ জন গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুরুতর আহতদের মধ্যে রয়েছেন আব্দুস সালাম (৬০), মাহমুদা (৪০), বাহার উদ্দিন (৪০), সালমা (২৭), মেহেরা খাতুন (৬০), এবং আইজু মিয়া (২৪)। তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে, আরও কয়েকজন আহত রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন এবং অনেকেই প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরে গেছেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মসজিদ কমিটি নিয়ে গ্রামবাসী সালাম মিয়া ও সাবেক মেম্বার আলা উদ্দীনের লোকজনের মধ্যে তর্কবিতর্কের পর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ বেধে যায়।
সংঘর্ষে আহতদের মধ্যে আরও আছেন রায়হান উদ্দিন (৪০), মাহমুদ বেগম (৩৯), জালাল উদ্দিন (৫০), ফারুক মিয়া (৪০), বিল্লাল মিয়া (৪২), তাইমা বেগম (২৬), মধু মিয়া (৬৫), বিনল মিয়া (৩০), সাকিব মিয়া (২৩), ফুরকান উদ্দিন (৪৫), মানিক মিয়া (১৮), জিসান (১৯), বাদল মিয়া (১৬)। তারা বর্তমানে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ইউপি চেয়ারম্যান আলী আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং বলেছেন যে, মসজিদ কমিটির দ্বন্দ্বের কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।