শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :

সারা দেশে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিলেন ১০১ সংগঠনের নেতৃবৃন্দ

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

গণঅভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অর্ধশতাধিক জুলাই যোদ্ধার ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জুলাই ঐক্যের সহযোগী ১০১টি সংগঠন। এ হামলার তীব্র নিন্দা জানিয়ে তারা হুঁশিয়ারি দিয়েছে, অবিলম্বে এ ধরনের বর্বরতা বন্ধ না হলে সারা দেশে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা হবে।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের নেতৃত্বে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল হয়। আন্দোলনকারীদের অভিযোগ, এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক মিছিলে নির্বিচার হামলা চালায়। এতে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ অর্ধশতাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

যৌথ বিবৃতিতে ১০১টি সংগঠন বলেছে, ‘গণঅভ্যুত্থানের এক বছর পার হলেও বাহিনী সংস্কারের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা এখনো বাস্তবায়ন হয়নি। আজ সেই অপূর্ণ সংস্কারেরই নির্মম ফলাফল দেশের জনগণ ভোগ করছে। জুলাই যোদ্ধাদের ওপর নির্বিচার রক্তাক্ত হামলা চালানো মানে জুলাই স্পিরিটকে অস্বীকার করা। যারা জুলাই স্পিরিটের সঙ্গে বেইমানি করবে, তাদের পরিণতি খুনি হাসিনার মতোই হবে।’

এতে বলা হয়, ‘নতুন বাংলাদেশ গড়ার এই সন্ধিক্ষণে জনগণ রাজনৈতিক সহনশীলতা, শান্তিপূর্ণ প্রতিবাদ ও গণতান্ত্রিক সংস্কৃতির অনুশীলন আশা করেছিল। অথচ সেনা ও পুলিশ সদস্যদের অমানবিক মব-হামলা জাতিকে ফ্যাসিবাদের কালো দিনগুলোর কথা মনে করিয়ে দিয়েছে।’ বিবৃতিতে বলা হয়, ‘এটি অত্যন্ত ন্যক্কারজনক, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সঙ্গে এভাবে বেইমানি করা জাতির প্রতি অপরাধ। গণতান্ত্রিক আন্দোলনকারীদের ওপর হামলা মানে জনগণের ওপর হামলা।’

সংগঠনগুলো অবিলম্বে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা বিশ্বাস করি, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের পুনর্জন্ম হতে দেওয়া হবে না। সামরিক বাহিনীকে যদি রাজনৈতিক মব হিসেবে ব্যবহার করা হয়, তবে জনগণ প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে। রাষ্ট্রযন্ত্রের নামে সামরিক মবের এই সংস্কৃতি বন্ধ করতে হবে এখনই।’

বিবৃতিতে জাতীয় পার্টির বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করা হয়। বলা হয়, ‘আওয়ামী ফ্যাসিবাদের সহযোগী রাজনৈতিক দল জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে গণবিরোধী অবস্থান নিয়েছে। আজ তাদের কার্যালয়ের সামনে প্রতিবাদ করতে গিয়ে নুরসহ নেতাকর্মীদের রক্তাক্ত হতে হয়েছে। আমরা অবিলম্বে জাতীয় পার্টিকে রাজনৈতিক বিচারের আওতায় আনার আহ্বান জানাই।’

১০১টি সংগঠনের নেতারা বিবৃতিতে বলেন, ‘যদি আবারও শান্তিপূর্ণ প্রতিবাদে সামরিক মব নামানো হয়, আমরা সারা দেশে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলব। জনগণের রক্তের বিনিময়ে অর্জিত জুলাই বিপ্লবকে আমরা ব্যর্থ হতে দেব না।’

যৌথ বিবৃতিদানকারী সংগঠনগুলোর মধ্যে রয়েছে– আপ বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ, জুলাই রেভলুশনারি অ্যালায়েন্স, জুলাই রেভলুশনারি জার্নালিস্ট অ্যালায়েন্স, পুনাব, পুশাব, নেক্সাস ডিফেন্স, সাধারণ আলেম সমাজ, জাগ্রত জুলাই, জুলাই মঞ্চ, বাংলাদেশ কওমি ছাত্রসংগঠন (কছাস), বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলন, জুলাই ছাত্রজনতা সংসদ, জুলাইয়ের সাংবাদিকরা, বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ, জেন-জি স্টুডেন্ট ইউনিটি, জুলাই সাংস্কৃতিক সংসদ, সোশ্যাল সাইন্স ক্লাব (ঢাকা কলেজ), রোটার‌্যাক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটি, সিসিএস-জাতীয় ভোক্তা অধিকার, সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক (ঢাবি), রাইজিং ইয়থ রামপুরা, পিপলস রিফর্ম অ্যালায়েন্স, নাপুস, একতার বাংলাদেশ, তরুণ, জুলাই বিপ্লবী যুব সংগঠন, ফরিদগঞ্জ লেখক ফোরাম, জুলাই চেতনা, জুলাই সংগ্রাম পরিষদ, গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন, ফ্যাসিবাদবিরোধী ছাত্রজনতা মঞ্চ, জুলাই রেভোলিউশনারি ক্লাব, বাংলাদেশ সংস্কার আন্দোলন, নিরাপদ বাংলাদেশ চাই, হিউম্যান রাইটস সোসাইটি, ইয়থ ফর পিস অ্যান্ড জাস্টিসেস, ইসলামিক কমিউনিটি বাংলাদেশ, লুমিনাস সাইন্স ক্লাব, ঢাকা কলেজ ইয়ুথ ক্লাব, জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদ, শহীদ স্মৃতি ফাউন্ডেশন, সোশ্যাল রিফর্ম কমিটি, জুলাই মুক্তি মঞ্চ, আলিয়া সাংস্কৃতিক সংসদ, পরিবর্তন পরিষদ, ইয়থ ফর বেটার ফিউচার সোস্যাইটি, মুসো, ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই, বাংলাদেশ রিপাবলিকান, জাতীয় শ্রমিক ঐক্য, ওয়াইবিজে, চেতনায় জুলাই, মুক্তির নিশান, অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন, বিজয় ইয়ুথ ফাউন্ডেশন, জুলাই গণহত্যা বিচার নিশ্চিত পরিষদ, সংগ্রাম প্রতিদিন, আমাদের মোহাম্মদপুর, সুন্দর বাংলাদেশ, এসো দেশ গড়িসহ বেশ কয়েকটি সংগঠন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!