শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

বড়লেখায় উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্ত এলাকা থেকে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (০২ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম এলাকায় বিয়ানীবাজার ৫২-বিজিবির সদস্যরা এই সফল অভিযান পরিচালনা করেন। 

বিজিবি জানায়, উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—২৪টি পাওয়ারজেল নাইনটি (Powergel 90) উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক (ভারতের নাগপুরের এসবিএল এনার্জি লিমিটেড কর্তৃক প্রস্তুতকৃত), ২৩টি ডিটোনেটর, ১৫ মিটার ডিটোনেটর কর্ড এবং ৩টি পাইপ গান।

বিজিবি সূত্র আরও জানায়, সোমবার রাত ১২টা ১০ মিনিটের দিকে বড়লেখার নিউ পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ ১৩৭৫/এম সীমান্ত পিলার এলাকা দিয়ে বিস্ফোরক ও অস্ত্রসহ একটি চক্র বাংলাদেশে প্রবেশ করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে বিজিবি। ৫২-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজনের নেতৃত্বে এবং বড়লেখা উপজেলার নির্বাচনী বেইজ ক্যাম্পের মেজর এম জাহিদের সমন্বয়ে দুটি টহল দল যৌথভাবে এই ঝটিকা অভিযান চালায়।

বিজিবির উপস্থিতি বুঝতে পেরে দুষ্কৃতিকারীরা মালামাল ফেলে সীমান্তবর্তী গভীর জঙ্গলের ভেতরে পালিয়ে যায়। পরে বাংলাদেশের অভ্যন্তরে তারাদরম এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উল্লিখিত বিস্ফোরক ও অস্ত্রগুলো উদ্ধার করা হয়। বিয়ানীবাজার ৫২-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন জানান, উদ্ধারকৃত বিস্ফোরক ও অস্ত্রের বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

তিনি বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে যেকোনো ধরনের নাশকতা, সন্ত্রাসী কার্যক্রম এবং অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।” ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে তদন্ত চালানো হচ্ছে বলেও জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!