মৌলভীবাজারের জুড়ী উপজেলার দিলখুশ চা-বাগান এলাকায় দেখা যাচ্ছে এক অদ্ভুত দৃশ্য। একটি কুকুর দীর্ঘদিন ধরে নির্দিষ্ট একটি জায়গা ছাড়তে চাইছে না। আশেপাশের মানুষ যতবার তাকে তাড়িয়েছে, কিছু সময় পর আবার সে ফিরে এসেছে। খিদে-তৃষ্ণা, ঝড়-বৃষ্টি কিংবা প্রচণ্ড রোদ—কোনো কিছুকেই তোয়াক্কা করছে না কুকুরটি। শুধু একই স্থানের চারপাশে বৃত্তাকারে ঘুরে বেড়াচ্ছে প্রতিদিন।
এমন অস্বাভাবিক আচরণ স্থানীয়দের মাঝে কৌতূহল ও আতঙ্ক দুই-ই তৈরি করেছে। কেউ বলছেন, এটি কোনো অদৃশ্য টানের প্রভাব, কেউ আবার মনে করছেন এখানে কোনো অলৌকিক রহস্য লুকিয়ে আছে।
এলাকাবাসীর দাবি, তারা কখনো এরকম দৃশ্য দেখেননি। তাদের বিশ্বাস, এর পেছনে কোনো অজানা রহস্য বা অশরীরী প্রভাব কাজ করছে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, চিকিৎসা পরীক্ষা ছাড়া কুকুরটির আচরণের সঠিক কারণ বলা সম্ভব নয়।
সম্ভাব্য বৈজ্ঞানিক কারণ:- বিশেষজ্ঞদের মতে, প্রাণীর এ ধরনের আচরণের পেছনে কয়েকটি বৈজ্ঞানিক কারণ থাকতে পারে—
১। স্নায়বিক সমস্যা (Neurological disorder):কুকুরের মস্তিষ্কে বা কানে ইনফেকশন হলে ভারসাম্য হারিয়ে বারবার একই দিকে ঘুরতে থাকে।
২। জায়গার বিশেষ গন্ধ বা চিহ্ন:প্রাণীরা মানুষের চেয়ে অনেক বেশি গন্ধ শনাক্ত করতে পারে। হয়তো ওই স্থানে কোনো প্রাণীর রক্ত, প্রস্রাব বা অন্য গন্ধ আছে, যা কুকুরটিকে টেনে রাখছে।
৩। পৃথিবীর চুম্বক:গবেষণায় দেখা গেছে, কুকুরসহ অনেক প্রাণী পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অনুভব করতে পারে। বিশেষ কোনো এলাকায় চৌম্বকীয় পরিবর্তন থাকলে প্রাণীরা সেখানে আটকে পড়তে পারে।
মানুষের কানে না শোনা গেলেও কুকুররা নিচু ফ্রিকোয়েন্সির শব্দ ও মাটির ভেতরের কম্পন অনুভব করতে পারে। এটি তাদের অস্বাভাবিক আচরণের কারণ হতে পারে।
২০২২ সালে চীনে শত শত ভেড়াকে টানা কয়েকদিন ধরে বৃত্তাকারে হাঁটতে দেখা যায়, যা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল। রাশিয়াতেও অনেক কুকুরকে একইভাবে নির্দিষ্ট জায়গায় ঘুরতে দেখা গেছে।