প্রথম সকাল ডেস্ক:- ছাতকে ফাঁকা বাড়িতে বৃদ্ধকে জিম্মি করে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এ বিষয়ে ওই পরিবার বলছেন ডাকাতি।
ঘটনাটি ঘটেছে রোববার রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলা দক্ষিণ খুরমা ইউনিয়নের দড়ারপার গ্রামে মাস্টার আবদুল আলী’র বাড়িতে।
ভোক্তভোগি পরিবারের লোকজনরা জানান, ঘটনার রাতে মাস্টার আবদুল আলীর ছেলে স্বাস্থ্য কর্মী রাজিব মিয়া পরিবার নিয়ে একই ইউনিয়নের চেচান গ্রামের শশুরালয়ে ছিলেন। তার ভাই সাবেক মেম্বার সুহেল মিয়াও ছিলেন না বাড়িতে।
অপর ভাই জুয়েল প্রবাসে। ঘটনার সময় বাড়িতে ছিলেন শুধু তাদের বৃদ্ধ পিতা মাস্টার আবদুল আলী। এ সুযোগে ফাঁকা বাড়িতে দুর্বৃত্তরা তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে মাস্টার আবদুল আলীকে জিম্মি করে আলমিরাতে থাকা শাপলা ইসলামি যুব সংঘের ক্যাশিয়ার রাজিব মিয়ার কাছে সংঘঠনের ৯০ হাজার টাকা ও নিজেদের ১ লক্ষ বিশ হাজার টাকা সহ মোট ২ লক্ষ ১০ হাজার টাকা এবং ঘরে থাকা ২০ ভরি ওজনের স্বর্ণালংকার, কাগজপত্র নিয়ে গেছে ডাকাতরা।
এ ঘটনায় তাদের ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যকর্মী রাজিব। খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ছাতক-দোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার রনজয় চন্দ্র মল্লিক ও থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ, এসআই আবদুস সাত্তারসহ থানা পুলিশের একটি টিম।
ডাকাতদল তালা ভেঙ্গে ঘরে ঢুকে তার পিতাকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করেছে বলে
পুলিশকে ঘটনার বিবরণ দেন রাজিব। গ্রামের একাধিক লোকজন জানান, সকালে ঘুম থেকে উঠে তারা শুনেছেন ডাকাতির ঘটনা ঘটেছে। তবে রাতে কোনো হাঁক-ডাক তারা শুনতে পাননি।
সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছন। বিষয়টি পুলিশ তদন্ত করছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।