নিজস্ব প্রতিবেদক:- সিলেটের দুই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার। এরমধ্যে ৫ আগস্টের আগে তাদের একজন সিলেট মেট্রোপলিটন পুলিশ ও অপরজন হবিগঞ্জে কর্মরত ছিলেন।
বুধবার (৬নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন।
বাধ্যতামূলক অবসরে পাঠানো দুই কর্মকর্তা হলেন-সিলেট মেট্টোপলিটন পুলিশের কোতোয়ালি থানার সাবেক সহকারী পুলিশ কমিশনার সুপার মো. মিজানুর রহমান এবং হবিগঞ্জ জেলার মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আজিজুর রহমান সরকার।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এসএমপির কোতোয়ালি থানার সাবেক সহকারী পুলিশ কমিশনার সুপার মো. মিজানুর রহমান এবং হবিগঞ্জ জেলার মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আজিজুর রহমান সরকারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্যদের সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।