প্রথম সকাল ডেস্ক:- তিন বছর বিরতি দিয়ে চলতিবছর ‘মিস ইউনিভার্স’-এ অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। এবারের আয়োজনে লাল সবুজের প্রতিনিধিত্ব করবেন আনিকা আলম।
প্রতিযোগিতা নয়, আনিকাকে সিলেকশনের মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে। আন্তর্জাতিক মেকাপ আর্টিস্ট আনিকা আলম লয়োলা মেরিমাইন্ড ইনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্সে ডিগ্রি নিয়ে কাজ করেছেন লস অ্যাঞ্জেলেসের মেয়রের অফিসে।
‘মিসেস’ হয়ে কীভাবে ‘মিস ইউনিভার্স’-এ অংশ নিচ্ছেন জানতে চাইলে আয়োজনের কান্ট্রি ডিরেক্টর শফিকুল ইসলাম বলেন, বিগত প্রায় ৭০ বছর যাবৎ অবিবাহিতরা অংশ নিচ্ছিল। কিন্তু ২০২৩ সালে থেকে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ নতুন নিয়ম করেছে যে, বিবাহিতরাও অংশ নিতে পারবেন। আগে বয়সসীমা ২৮ ছিল, এখন নেই।
সংবাদ সম্মেলনে আনিকা আলম বলেন, নারীর ক্ষমতায়ন নিয়ে আগে থেকে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে সামাজিক গুরুত্বপূর্ণ বিষয়ে নারীদের প্রতিভা ও ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাব। সবার সাপোর্ট পেলে বিশ্বমঞ্চে দেশের মুখ উজ্জ্বল করতে পারব। দেশবাসীর কাছে দোয়া চাই যেন বিশ্বমঞ্চে আমি বাংলাদেশকে সঠিকভাবে তুলে ধরতে পারি।
তিনি আরও বলেন, কিছুদিন আগেও জানতাম না এই আয়োজনে অংশ নেব।
যেহেতু অংশ নিচ্ছি নিশ্চয়ই ভালো কিছু নিয়ে ফিরব। এখানে থেকে ফিরে নারী ক্ষমতায়ন নিয়ে কাজ করব। এর বাইরে অভিনয় করব কিনা সেসব নিয়ে ভাবিনি।
‘মিস ইউনিভার্স ২০২৪’-এর আসর বসতে যাচ্ছে মেক্সিকোতে। সেখানে অংশ নিতে ৩০ অক্টোবর ঢাকা ছাড়বেন আনিকা। গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে নভেম্বরের ১৫ অথবা ১৮ তারিখ।