সিলেট সিটি করপোরেশন প্রশাসক নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ২০২৪ সালের ৫ আগস্টের সিলেট সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করে সরকার।
এরপর সিলেটের বিভাগীয় কমিশনারকে প্রশাসক নিয়োগ করা হয়। কাইয়ুম চৌধুরী গত সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে দল থেকে মনোনয়ন দেওয়া হয়নি। পরে সিলেটের ৬ টি আসনে বিএনপির নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব পান তিনি।
রোববার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেটে আব্দুল কাইয়ুম চৌধুরীকে সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৫ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে তাদের করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
আরও উল্লেখ করা হয়, নিয়োগকৃত প্রশাসকগণ সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।