হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কুখ্যাত ডাকাত জুসেদকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। গতকাল শনিবার (৩১ জানুয়ারি) তাকে মহল্লার ভেতর থেকে আটক করেন স্থানীয় জনতা। ডাকাত জুসেদ বানিয়াচং উপজেলার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের মাদারীটুলা মহল্লার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পুরান ভাগ মহল্লায় একটি বাড়িতে ডাকাতির চেষ্টা চালায় একদল ডাকাত। বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে ডাকাতরা পালিয়ে যায়। এ সময় এলাকাবাসী জুসেদকে চিনে ফেলেন।
পরে এলাকাবাসী চারদিকে খোঁজাখুঁজি চালিয়ে সকালবেলা মহল্লার ভেতর থেকে জুসেদকে আটক করে। পরে উত্তম-মধ্যম দিয়ে তাকে বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়। স্থানীয়রা জানান, বানিয়াচং উপজেলার কুখ্যাত ডাকাত ঝিলকি ও তার তিন সহযোগী ক্রসফায়ারে নিহত হওয়ার পরও অপরাধ থামেনি।
তাদের সহযোগী হিসেবে পরিচিত কুখ্যাত ডাকাত জুসেদ দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনী ও জনতার হাতে আটক হয়ে কিছুদিন কারাভোগের পর জামিনে বেরিয়ে আসার পরই আবারও অপরাধে জড়িয়ে পড়ত জুসেদ।
এতে পুরো এলাকা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিল। তার বিরুদ্ধে বানিয়াচং থানায় মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। স্থানীয়রা আরও জানান, গত ৫ আগস্ট ২০২৪ সালের পর থেকে জুসেদ আরও বেপরোয়া হয়ে ওঠে। সম্প্রতি সাগরদিঘীর পূর্ব পাড় থেকে একটি মিশুক চুরির ঘটনায় আটক হয়ে কারাভোগের পর জামিনে বেরিয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ে। ডাকাত জুসেদকে থানায় সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।