সিলেটে আবারও উচ্চ মাত্রার বিস্ফোরকের চালান উদ্ধার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতের দিকে র্যাব কানাইঘাট থানাধীন দিঘীরপাড় ইউনিয়নের কুওরের মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে অভিযান চালায়। এ সময় ভবনের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ২৫টি পাওয়ার জেল এবং ২৭টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত পাওয়ার জেল ও ইলেকট্রিক ডেটোনেটর উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব বিস্ফোরক নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে মজুদ করা হয়েছিল।
অভিযানকালে কাউকে আটক করা না গেলেও উদ্ধারকৃত বিস্ফোরক সামগ্রী কানাইঘাট থানায় সাধারণ ডায়রির মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। তথ্যটি নিশ্চিত করেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ।