সিলেটের জৈন্তাপুরে পিকআপ ভ্যানের চাপায় শিশু নিহতের ঘটনায় অভিযুক্ত চালক সুমন আহাম্মদকে (২০) গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জৈন্তাপুর থানাধীন বাঘের সড়ক বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সুমন আহাম্মদ জৈন্তাপুর থানার লামনিগ্রাম এলাকার নজরুল ইসলামের ছেলে। র্যাব জানায়, গত বছরের ২৫ সেপ্টেম্বর বিকেলে খলিল মিয়া তার স্ত্রী ও দুই সন্তানকে শ্বশুরবাড়ি পাঠানোর জন্য একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে দেন।
অটোরিকশাটি যাত্রী নিয়ে আসামপাড়া যাওয়ার পথে জৈন্তাপুর থানাধীন আসামপাড়া ব্রিজের দক্ষিণ পাশে পৌঁছালে সিলেটগামী একটি পিকআপ ভ্যান সেটিকে ধাক্কা দেয়। এতে খলিল মিয়ার স্ত্রী ও দুই সন্তান গুরুতর আহত হন।
তাদেরকে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে ওসমানী হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক শিশু সাদিয়া আক্তারকে (৬) মৃত ঘোষণা করেন।
শনিবার (৩১ জানুয়ারি) জৈন্তাপুর থানা পুলিশ তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এ ঘটনায় জৈন্তাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই অভিযুক্ত চালক সুমন আহাম্মদ আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন পর তাকে গ্রেফতার করা সম্ভব হয় বলে জানিয়েছে র্যাব।