সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পরিত্যক্ত একটি সেফটি ট্যাংকের ভেতর থেকে উচ্চমাত্রার বিস্ফোরক উদ্ধার করেছে র্যাব। উদ্ধার করা এসব বিস্ফোরক নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
র্যাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানাধীন পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের সাতাইন এলাকায় অভিযান চালানো হয়। বন বিভাগের একটি পরিত্যক্ত ভবনের পাশে অব্যবহৃত সেফটি ট্যাংকের ভেতরে রাখা একটি শপিং ব্যাগ থেকে ৮টি পাওয়ার জেল এবং ৮টি নন-ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়।
এসব বিস্ফোরক অত্যন্ত শক্তিশালী এবং সাধারণত উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। র্যাব জানায়, অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। উদ্ধার করা বিস্ফোরকগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল।
পরে উদ্ধারকৃত বিস্ফোরক গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব আরও জানায়, সিলেট সীমান্ত দিয়ে সাম্প্রতিক সময়ে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র পাচারের তথ্য পাওয়া যাচ্ছে। এর আগেও একাধিক অভিযানে বিস্ফোরক উদ্ধার করা হলেও এর সঙ্গে জড়িত মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।