সিলেটে মাদরাসা শিক্ষক মাওলানা জুবায়ের আহমদ হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নয়ন আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) রাতেই নগরীর আখালিয়া এলাকায় অবিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতার নয়নের বয়স কাগজপত্র অনুযায়ী ১৬ বছর। আরও তথ্য যাছাই বাছাই করা হচ্ছে। এর আগে বুধবার সকালে মাদরাসা যাওয়ার সময় ছুরিকাঘাতে খুন হন মাওলানা জুবায়ের আহমদ (৪৫)। তিনি আখালিয়া বড়গুল গ্রামের মৃত মদরিছ আলীর ছেলে ও ডলিয়া এলাকার ডা. তানজিনা আহমদ দাখিল মাদরাসার সুপার ছিলেন।
এ ঘটনায় বুধবার রাতেই নিহতের ছেলে বাদী হয়ে নয়নকে অভিযুক্ত করে মামলা করেন। আর অভিযুক্ত নয়ন নিহতের শ্যালক পুত্র। পুলিশ জানায়, মাওলানা জুবায়ের আহমদের স্ত্রীর বড় ভাই আল-আমিনের ছেলে নয়ন আহমেদ এলাকায় বখাটে হিসেবে পরিচিত। এ নিয়ে বিভিন্ন সময় নয়নকে শাসাতেন মাওলানা জুবায়ের।
বুধবার মাদরাসায় যাওয়ার সময় রাস্তায় নয়ন ময়লা পানি ছুঁড়ে মারে তার ফুফার গায়ে। এতে মাওলানা জুবায়েরের কাপড় নোংরা হয়ে যায়। বিষয়টি তিনি ফোনে পরিবারকে জানান। এরপর তিনি মাদরাসার উদ্দেশ্যে হাঁটতে থাকলে পেছন থেকে এসে নয়ন উপর্যুপরি ছুরিকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।