রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন জামায়াত আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে দলটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি হাসপাতলে গিয়ে জামায়াত আমিরের খোঁজ-খবর নেন। তারা চিকিৎসক ও জামায়াত নেতাদের সঙ্গে কথা বলেন।
এ্যানি বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা জামায়াত আমিরের শারীরিক অবস্থা জানতে এসেছি। আমিরের দ্রুত সুস্থ কামনায় তারেক রহমানের পক্ষ থেকে একটি ফুলের তোড়া জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের কাছে তুলে দেওয়া হয়।
জামায়াতের প্রচার বিভাগ থেকে জানানো হয়, আমীরে জামায়াতের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানতে চেয়েছেন বিএনপি নেতারা। জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের পক্ষ থেকে তাদেরকে জানানো হয় যে, আমীরে জামায়াত বর্তমানে অপারেশন পরবর্তী নিবিড় পর্যবেক্ষণ কার্ডিয়াক আইসিইউতে আছেন। ডাক্তাররা তার সঙ্গে স্বশরীরে দেখা সাক্ষাতের ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন; যাতে ইনফেকশন না ছড়ায়।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আরও বলা হয়, আমীরে জামায়াতের জ্ঞান ফিরেছে, তিনি সুস্থ আছেন। তাকে তরল খাবারও দেওয়া হয়েছে। ডাক্তারগণ আশা প্রকাশ করেছেন যে, আগামী এক সপ্তাহের মধ্যে তিনি বাসায় ফিরতে পারবেন।
এরআগে শনিবার ইউনাইটেড হাসপাতালে জামায়াত আমির শফিকুর রহমানের হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার করা হয়। তিনি বর্তমানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন।