প্রথম সকাল ডেস্ক:- ঠিকভাবে হিজাব না পরায় ইরানে এক তরুণীকে হেনস্তার অভিযোগ উঠেছে দেশটির নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। এর প্রতিবাদে ওই তরুণী পোশাক খুলে প্রতিবাদ করেছেন বলে ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে।
তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ে শনিবার (২ নভেম্বর) এই ঘটনা ঘটেছে। পোশাক খুলে প্রতিবাদ করায় ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও গবেষণা শাখার উঠানে ওই তরুণী হিজাব ছাড়া বসে আছেন।
শিক্ষার্থীদের টেলিগ্রাম এক গ্রুপে জানানো হয়, হেডস্কার্ফ না পরা ও নিরাপত্তা বাহিনী পোশাক ছিঁড়ে নিলে তার প্রতিবাদ হিসেবে ওই শিক্ষার্থী তার কাপড় খুলে ফেলেন। গ্রেপ্তারের সময় তাকে মারাত্মকভাবে লাঞ্ছিত করা হয়েছে। তরুণীর মাথা গাড়ির দরজা বা পিলারে আঘাত করা হয়। এই কারণে তার প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে বলে গ্রুপে লেখা হয়েছে।