সিলেট নগরের তারাপুর চা বাগানে অবস্থিত শ্রীশ্রী গৌর নিতাই মন্দিরে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে। রোববার ভোরে এ ঘটনা ঘটে। সিলেট মহানগর পুলিশ-এর অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম জানান, ভোরের দিকে কে বা কারা মন্দিরে আগুন দেয়।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মন্দিরের দায়িত্বে থাকা মালা মুদি বলেন, ভোরে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে মন্দিরের ভেতরের বিভিন্ন সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়। আগুনে শ্রীকৃষ্ণ, রাধাকৃষ্ণ, পঞ্চতত্ত্ব, নৃসিংহদেব ও জগন্নাথ প্রভুর ছবি, শ্রীমদ্ভগবদগীতা, পূজার কাপড় ও পর্দা পুড়ে যায়।
একটি পঞ্চতত্ত্বের ছবি আংশিক উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি। তারাপুর চা বাগানের বাসিন্দা রাজন রায় বলেন, প্রায় তিন বছর ধরে এখানে পূজার কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। হঠাৎ অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। বিকেলে পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সুনীল মুদি জানান, এ ঘটনায় থানায় মামলা করতে যাওয়া হয়েছে।
পুলিশ জানায়, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মন্দিরে সিসি ক্যামেরা না থাকায় তদন্তে কিছুটা জটিলতা রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।