ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সিলেটের ঐতিহ্যবাহী শারদা হল কেন্দ্রে সকাল পৌনে ১০ টায় ভোট প্রদান করেন সিলেট এক আসনের বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। ভোট প্রদান শেষে তিনি বলেন, আজ ১৫-২০ বছর পরে এই দেশের মানুষ আবার এই দেশের রাষ্ট্রের উপরে তার মালিকানা প্রতিষ্ঠা করবে।
ভোট প্রদানের পর আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে এমনটা বলেছেন। তিনি আরো বলেন, যে অধিকারটা সংবিধান স্বীকৃত, যেটি এদেশের মানুষ রক্তের বিনিময় অর্জন করেছে, যেটি কারো দান দক্ষিণার ফসল নয়, সেটি হারিয়ে বসেছে। আজকে আমরা আমি ভোট দিতে পেরেছি। আল্লাহর কাছে শুকরিয়া এবং আমি দেখছি যে হাজার হাজার মানুষ ভোট দিচ্ছে।
তিনি বলেন, নির্বাচন তো একটা প্রাথমিক অধ্যায়। এই দিনের একটা সফল সমাপ্তির পরে আগামী দিনে এই দেশটার পুনর্গঠন এবখ দেশটাকে আবার প্রাতিষ্ঠানিক মুক্তির উপর দাঁড় করানো, আইনের শাসন প্রতিষ্ঠা করা, আর্থিক সুশাসন প্রতিষ্ঠা করা, সামাজিক ভারসাম্য ফেরত আনা, জবাবদিহিতা সংস্কৃতি, পূর্ণমাত্রায় প্রতিষ্ঠা করা- এগুলি হবে আগামী দিনের চ্যালেঞ্জ। আমরা সেই দিকে তাকিয়ে আছি।
নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি যতটুক দেখেছি ততটুকুর উপরেই বলি, সামনেরটা দেখার জন্য তো আপনারাই আছেন। এই ধরনের পরিবেশ খারাপ না, তবে মহিলাদের ভোট গ্রহণের গতিটা আরো বাড়ানো দরকার। এখন পর্যন্ত যে উপস্থিতি দেখছেন সেটা আসলে সন্তোষজনক।
শীতের দিন তো, প্রথম ঘন্টায় আরেকটু বেশি হতো। তবে আমার ধারণা বেলা বাড়ার সাথে সাথে ভোটারও বাড়তে থাকবে। জয়ের ব্যাপারে আশাবাদী কি না, তা জানতে চাইলে মুক্তাদির বলেন, আমি আমার সিলেটের ও জাতীয়ভিত্তিক যে কর্মসূচিগুলি সেগুলি মানুষের সামনে তুলে ধরেছি। আমি আশা করি যেভাবে সাড়া পেয়েছি তার প্রতিফলন ভোটের ক্ষেত্রেও হবে।