র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব-৯) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ (র্যাব-১০)-এর যৌথ অভিযানে দুইটি মাদক মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে সিলেট থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন কাজিটুলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন— সীমা বেগম (৩০), অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম (শেখেরহাটি) এলাকার বাসিন্দা। তিনি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার মামলা নং-০৯(৫)১৮ ও ০২(০১)২১-এর পলাতক আসামি এবং উক্ত মামলায় আদালত তাকে ৬ বছরের কারাদণ্ড প্রদান করেন। র্যাব জানায়, দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ তথ্যটি নিশ্চিত করেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।