সিলেটে রিকশাচালক সেজে নকল স্বর্ণের বারকে আসল স্বর্ণ বলে দেখিয়ে প্রতারণার অভিযোগে আলমগীর হোসেন (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশ-এর মিডিয়া সেল। পুলিশ জানায়, শনিবার (৭ মার্চ) রাত প্রায় ১১টার দিকে দক্ষিণ সুরমা থানা-পুলিশের অভিযানে নগরের কদমতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলমগীর হোসেন সিলেটের বালাগঞ্জ উপজেলার শিওরখাল গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, তিনি প্রতারণাসহ একাধিক মামলার আসামি। দীর্ঘদিন ধরে তিনি রিকশাচালক সেজে ইমিটেশনের তৈরি নকল স্বর্ণের বারকে আসল স্বর্ণ বলে দাবি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন। এ বিষয়ে মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।