সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক এক অভিযানে দেশীয় তৈরি একটি বাটযুক্ত পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে। রোববার (২৫ জানুয়ারি) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে মহানগর গোয়েন্দা বিভাগের (ডিসি-ডিবি) জনাব মো. শাহরিয়ার আলমের নেতৃত্বে ডিবি টিম-০১ (উত্তর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
এসময় এয়ারপোর্ট থানাধীন বনকলাপাড়া আবাসিক এলাকার পেছনে অবস্থিত তারাপুর চা-বাগান সংলগ্ন একটি শতবর্ষী বটগাছের গোড়া থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি বাটযুক্ত পিস্তল ও দুই (০২) রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ সাইফুল ইসলাম।