সিলেট নগরের ২৭ নং ওয়ার্ডের শিববাড়ি পৈত্যপাড়ায় তুচ্ছ ঘটনার জেরে হামলা চালিয়ে ৪ জনকে আহত করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) ইফতারের সময়ে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ জনের বিরুদ্ধে সিলেটের মোগলাবাজার থানায় ভূক্তভোগীদের পক্ষ থেকে মামলা করা হয়েছে।
তবে রোববার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হামলায় আহতরা হলেন পৈত্যপাড়ায় রাজেশ রায়, রাহুল রায়, তাদের মা এবং রাহুল রায়ের স্ত্রী লাবনী রায়। আহতদের মধ্যে রাজেশ রায় এবং তার মা সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি আছেন।
এদিকে, হামলার খবর পেয়ে শনিবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ বিএনপি নেতারা। হামলায় আহত রাহুল রায় বাদী হয়ে শনিবারই মোগলবাজার থানায় ১০ জনকে অভিযুক্ত করে মামলা করেন।
রাহুল রায় রোববার রাতে বলেন, বিকেলে একটি শিশুর মোটর সাইকেলের সিটের কাভার কাটা নিয়ে কথাকাটাকাটির জেরে সন্ধ্যায় অতর্কিতে হামলা চালানো হয়। এ ব্যাপারে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।