সিলেটের জৈন্তাপুর উপজেলাতে অবৈধভাবে পাহাড়-টিলা কাটা এবং কোয়ারী থেকে সংগ্রহ করা পাথর মজুদ ও ক্রাশিং করে পরিবেশ বিপন্ন ও জনস্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার কদমখাল ও ৪নং বাংলাবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
এ সময় অবৈধভাবে টিলার পাথর ক্রাশিংয়ের দায়ে দুটি ক্রাশার মিলকে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ৫৩ ধারায় মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লাসহ পুলিশের একটি দল। অভিযানকালে দেখা যায়, কোনো ধরনের অনুমোদন ছাড়াই টিলার পাথর ক্রাশিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এতে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং স্থানীয় বাসিন্দাদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছিল।
এ প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় টিলা কেটে পাথর উত্তোলন ও অবৈধ পাথর ক্রাশিংয়ের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।