বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

সিআইসির নতুন মহাপরিচালক হলেন সিলেটের ডাকের আব্দুর রকিব

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর প্রশাসনে শুরু হওয়া রদবদলের ছোঁয়া লেগেছে জাতীয় রাজস্ব বোর্ডেও (এনবিআর)। কর আদায়কারী সংস্থাটির কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ আবদুর রকিবকে। তিনি এতদিন এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার এনবিআরের এক প্রজ্ঞাপনে এ পদায়নের কথা জানানো হয়। সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৮নং তোয়াকুল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের মৃত মোঃ আব্দুল হাফিজের দ্বিতীয় পুত্র মোহাম্মদ আব্দুর রকিব ছোটবেলা থেকেই ছিলেন প্রখর মেধার অধিকারী। তিনি পিয়াইনগুল কলিমুল্লাহ উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৭ সালে এসএসসি এবং ঐতিহ্যবাহী এম সি কলেজ থেকে ১৯৮৯ সালে এইচএসসি পাশ করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। পরবর্তীতে তিনি এমসি কলেজ থেকে স্নাতক কোর্স সম্পন্ন করেন। ১৮তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মাধ্যমে তিনি কর ক্যাডারে যোগদান করেন। তিনি এনবিআরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সরকারি চাকুরিতে যোগদানের পূর্বে তিনি সিলেটের বহুল প্রচারিত দৈনিক সিলেটের ডাক-এ স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

একজন সুলেখক ও কবি হিসেবে তার সুখ্যাতি রয়েছে। মানবতাবাদী আব্দুর রকিব সিলেট অঞ্চলে ২০২২ সালের প্রলয়ংকারী বন্যার পর জীবনের ঝুঁকি নিয়ে গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের বন্যার্তদের পাশে দাঁড়ান। বন্ধু-বান্ধব-শুভাকাক্সক্ষীদের সহযোগিতা নিয়ে বন্যার্তদের ত্রাণ সহায়তা প্রদানের পাশাপাশি অনেকের ঘর নির্মাণেও তিনি সহযোগিতা প্রদান করেন। ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যার পর তিনি ত্রাণ নিয়ে সেখানে ছুটে যান। তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করে দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!