শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৩০ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পাকিস্তানের সামরিক অভিযানে ২৯৭ আফগান সেনা নি হ ত ও ৮৯টি সেনা চৌকি ধ্বংস জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ শনিবার সিলেট আসছেন তিন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার মুক্তাদির ইয়েস গ্রুপ এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হাওরের বোরো ফসল রক্ষা বাঁধ নির্মাণে কোনো ধরণের অনিয়ম দূর্নীতি সহ্য করা হবে না : পানিসম্পদ মন্ত্রী টাঙ্গাইল জেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এনসিপি‘র ওলামা সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা দেশকে ঢেলে সাজাতে কাজ করছেন তারেক রহমান : শফিকুল ইসলাম

শাবির ছাত্রী হলের পাশের টিলায় আগুন, ৬ নিরাপত্তাকর্মী আহত

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফাতেমা তুজ জাহরা হলের পাশের টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় বিস্তীর্ণ এলাকা পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে ৬ জন নিরাপত্তাকর্মী ও হলের ইলেক্ট্রিশিয়ান আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন গুরুতর আহত হয়ে ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন নিরাপত্তা শাখার সুপারভাইজার আজিজুর রহমান। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল আড়াইটার দিকে ছাত্রী হল সংলগ্ন টিলায় আগুন লাগে। এতে হলে অবস্থানরত শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেন হলের নিরাপত্তাকর্মী, মালি ও ইলেক্ট্রিশিয়ানরা। আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা।

সরেজমিনে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, হল সংলগ্ন টিলার প্রায় ২০০ শতক এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের ধোঁয়া হলের ভেতরে প্রবেশ করলে শিক্ষার্থীরা আতঙ্কে বের হয়ে খোলা মাঠে আশ্রয় নেন। এ সময় প্রশাসনের বিলম্বিত উপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিস পৌঁছানো নিয়েও ক্ষোভ জানান শিক্ষার্থীরা। আগুনের সূত্রপাত সম্পর্কে সিলেট সদর ফায়ার সার্ভিসের টিম লিডার প্রীতম দাস বলেন, টিলার পাশে আকাশমনি গাছের শুকনো পাতা জমে ছিল।

ধারণা করা হচ্ছে, কেউ বিড়ি বা সিগারেট খেয়ে তার অংশ সেখানে ফেলায় আগুনের সূত্রপাত হতে পারে। তিনি জানান, আগুন নিভে গেছে, কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পানি ছিটানো হয়েছে। তবে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। জানা গেছে, আগুন নেভাতে গিয়ে ৬ জন নিরাপত্তাকর্মী আহত হন। তাদের হাসপাতালে নেওয়া হলে ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

গুরুতর আহত দুজন হলেন হলের ইলেক্ট্রিশিয়ান আজিজুল হক এবং গার্ডেনার রাকিব হোসাইন। এর মধ্যে আজিজুল হকের শ্বাসনালিতে ধোঁয়া প্রবেশ করায় তিনি শ্বাসকষ্টে ভুগছেন এবং অক্সিজেন সাপোর্টে রয়েছেন। রাকিব হোসাইনও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন। প্রাথমিক চিকিৎসা নেওয়া অন্য চারজন হলেন নিরাপত্তাকর্মী রঞ্জন দাস, লিমন দাস, সুমন আহমদ এবং ইলেক্ট্রিশিয়ান সেলিম মিয়া।

তাদের কারও পা ছিলে গেছে, কারও হাত কেটেছে বলে জানা গেছে। নিরাপত্তাকর্মীদের অভিযোগ, হলে থাকা অগ্নিনির্বাপক যন্ত্রের মেয়াদ উত্তীর্ণ ছিল। ফলে সেগুলো ব্যবহার করতে গিয়ে তার গ্যাসে শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে কষ্ট হয়।

এ বিষয়ে নিরাপত্তা কর্মীদের সুপারভাইজার আজিজুর রহমান বলেন, “নিরাপত্তাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন। এতে অনেকে আহত হয়েছেন। আমরা দাবি জানাই তাদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে হবে। পাশাপাশি তাদের উৎসাহ দিতে সম্মানী বা পুরস্কারের ব্যবস্থা করা উচিত।” ঘটনাস্থলে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম উপস্থিত হলে হলের শিক্ষার্থীরা তিন দফা দাবি জানান।

দাবিগুলো হলো জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানো নিরাপত্তাকর্মীদের পুরস্কৃত করা, তাদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং ভবিষ্যতে অগ্নিকাণ্ড প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও একটি জরুরি হটলাইন চালু করা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসার ব্যয় বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে।

শিক্ষার্থীদের দাবির প্রতিও প্রশাসনের সহমত রয়েছে। তবে অগ্নিনির্বাপক যন্ত্রের মেয়াদোত্তীর্ণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “হল কর্তৃপক্ষ থেকে অবহিত না করলে আমার পক্ষে তা জানা সম্ভব নয়। হল কর্তৃপক্ষ এ বিষয়ে আমাকে অবহিত করেনি। তাই এ বিষয়ে হল কর্তৃপক্ষই ভালো বলতে পারবেন।”

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!