পবিত্র রমজানকে সামনে রেখে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু করবে রাষ্ট্রীয় সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।এ কার্যক্রমের আওতায় সারাদেশে বাজারদরের চেয়ে কম দামে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর বিক্রি করা হবে।
স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি ট্রাক সেলের মাধ্যমেও সাধারণ নিম্নআয়ের মানুষ এসব পণ্য কিনতে পারবেন। টিসিবি জানিয়েছে, স্মার্ট ফ্যামিলি কার্ডধারী ৭৫ লাখ সুবিধাভোগীর বাইরে প্রতিদিন আরও প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ ট্রাক থেকে পণ্য কেনার সুযোগ পাবেন। তবে কার্ডধারীদের তুলনায় ট্রাক সেলে প্রতি প্যাকেজে ৬০ টাকা বেশি দিতে হবে।
মূল্যতালিকা অনুযায়ী, স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা দুই লিটার সয়াবিন তেল পাবেন ২০০ টাকায়। একই পণ্য ট্রাক সেল থেকে কিনতে হলে দিতে হবে ২৩০ টাকা। চিনি ও ডালের ক্ষেত্রেও ট্রাক সেলে কেজিপ্রতি ১০ টাকা বেশি নির্ধারণ করা হয়েছে।
নির্বাচনের পর রমজানের বাজার ধীরে ধীরে জমে উঠছে। ক্রেতা ও বিক্রেতারা বলছেন, এবার পণ্যমূল্য তুলনামূলক স্থিতিশীল রয়েছে যা ভোক্তাদের জন্য কিছুটা স্বস্তির বার্তা দিচ্ছে। রমজানজুড়ে সারা দেশে প্রায় সাড়ে ৪০০ ট্রাকের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করবে টিসিবি।