ফিটনেসবিহীন রাষ্ট্র মেরামতের জন্যই জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার দুপুরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে পথসভায় একথা বলেন তিনি।
তিনি বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ছাত্র-জনতা শেখ হাসিনাকে উৎখাত করেছে। নতুন বাংলাদেশ ও নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপর চাপিয়ে দিয়ে গেছে।
জুলাই পদযাত্রায় অংশ নিতে বৃহস্পতিবার রাতেই সুনামগঞ্জ এসে পৌঁছান এনসিপির নেতৃবৃন্দ। পরে শুক্রবার সকালে জুলাই আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের সাথে কথা বলেন নাহিদ ইসলাম।
সুনামগঞ্জ শহরের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় শেষে পদযাত্রা করে শহরের আলফাত স্কয়ারে আসেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আলতাফ স্কয়ারের পথসভায় সুনামগঞ্জকে আমরা নতুন করে গড়ে তুলবো বলে উল্লেখ করেন নাহিদ।
তিনি বলেন, “মুজিববাদ নানা ছলে বলে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করেছে। মুজিববাদের রাজনীতি বাংলাদেশে হবে না। মুজিববাদের বিরুদ্ধে সামাজিক সাংস্কৃতিক ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেন, “মুজিববাদ মানে একদলীয় শাসনব্যবস্থা, লুটপাট, দুনীর্তি, ইসলাম বিদ্বেষ, সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল, দেশে ভারতের কাছে বর্গা দেওয়ার রাজনীতি। সেজন্য মুজিববাদের হাত থেকে মুক্তিযুদ্ধের আদর্শ রক্ষা করতে হবে।