পাকিস্তানের সামরিক অভিযানে আফগান বাহিনীর ২৯৭ জন নিহত এবং ৮৯টি সেনা চৌকি ধ্বংস হয়েছে বলে দাবি করেছে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-এর একজন মুখপাত্র। এছাড়া ১৩৫টি ট্যাংক ও সাঁজোয়া যানও ধ্বংস হয়েছে। অভিযান চলেছে আফগানিস্তানের ২৯টি স্থানে। টোলো নিউজের বরাত দিয়ে আল জাজিরা এই তথ্য প্রকাশ করেছে।
এর আগে পাকিস্তানের আইএসপিআর জানিয়েছিল, ২৭৪ আফগান সেনা নিহত হয়েছে। আফগান সেনাপ্রধান ফসিউদ্দিন ফিতরাত পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ভবিষ্যতে কোনো হামলার ক্ষেত্রে পাকিস্তান ‘আরও শক্তিশালী এবং দৃঢ় ও কার্যকর জবাব’ পাবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সেনা সদর পরিদর্শন করেছেন এবং আফগানিস্তানের তালেবান সরকারের যে কোনো অপতৎপরতায় ইসলামাবাদের নীতি ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন। তিনি বলেন, ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানি সশস্ত্র বাহিনী সবসময় দেশ রক্ষা করার জন্য প্রস্তুত।
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, পাকিস্তান জানে কিভাবে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে হয়। পাকিস্তান আগেই জানিয়েছিল, আফগানিস্তানে তাদের সশস্ত্র বাহিনী অভিযান চালাচ্ছে।