সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি প্রত্যাখ্যান করার পর অভিযুক্ত রবি মিয়া ও তার সহযোগীরা শনিবার রাতে এবং পরের দিন রবিবার সকালে গৃহবধূকে মারধর করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী (৩২) বর্তমানে প্রবাসে থাকা স্বামীর অনুপস্থিতিতে বাংলাবাজার ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় বসবাস করছেন। অভিযোগে উল্লেখ করা হয়, মৃত রবি মিয়া (২২) দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি ভুক্তভোগীকে হুমকি-ধমকি দিতেন।
শুক্রবার রাতে এশা ও তারাবির নামাজ শেষে ঘরে ফেরার সময় অভিযুক্ত হঠাৎ ঢুকে নারীকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা চালান। চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে রবি পালিয়ে যান। পরদিন সকাল ৯টার দিকে অভিযুক্ত ও তার সহযোগীরা পুনরায় ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে তাকে গালিগালাজ করে এবং এলোপাতাড়ি মারধর করেন।
এতে নারী শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত হয়েছেন। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম তালুকদার গণমাধ্যমকে জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগী ও এলাকাবাসী সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।