প্রথম সকাল ডেস্ক:- ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশবাসী এবং প্রবাসীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।
পোস্টে তারেক রহমান বলেন, খৃষ্টীয় নববর্ষ উপলক্ষে আমি দেশ-বিদেশের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। কামনা করি-সবার জীবনে খৃষ্টীয় নববর্ষ অনাবিল আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ, শান্তি ও কল্যাণ বয়ে আনুক। শুভ নববর্ষ।
তিনি বলেন, অতীতকে পিছনে ফেলে সময়ের চিরায়ত আবর্তনে খৃষ্টীয় নববর্ষ নতুন বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত।
পুরনো বছরের ব্যর্থতা, গ্লানি, হতাশাকে ঝেড়ে ফেলে নব-উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় নববর্ষ। নতুনকে বরণ করা মানুষের সহজাত প্রবণতা।
নতুন বছরে আমরা দেশের সামগ্রিক রুপান্তরের একটি পর্বে উপনীত হতে পারবো বলে আশা রাখি। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আসুন আমরা রাষ্ট্র ও সমাজে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে একযোগে কাজ করি। আমরা এমন একটি জাতি নির্মাণের প্রত্যাশা করছি, যেখানে প্রত্যেকটি নাগরিকই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের কণ্ঠ স্বাধীন থাকবে।