বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, জাতি যেখানে নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে, সেখানে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। দেশকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চলছে। এই অপচেষ্টার বিরুদ্ধে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সিলেট বিশ্ব গুম দিবস উপলক্ষে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। শনিবার (৩০ আগস্ট) দুপুরে নগরীর চৌহাট্টায় গুম পরিবারের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে আরিফুল হক চৌধুরী বলেন, মানববন্ধনে গুমের শিকার সিলেটের নেতাদের স্বজনরা অভিযোগ করেন, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত খুনি শেখ হাসিনার ‘গুম নামক অপরাজনীতির’ শিকার হয়ে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ দিনার, ছাত্রদল নেতা জুনেদ আহমদ ও আনসার আলীসহ নেতাকর্মীরা এখনো ফিরে আসেননি। দ্রুত তাঁদের ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান বক্তারা।
তাঁরা আরো বলেন, শেখ হাসিনা পতনের এক বছর অতিক্রম হলেও বর্তমান সরকার গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে আনতে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি, যা অত্যন্ত দুঃখজনক।
সিলেট জেলা মহিলা দলের নতুন সভাপতি তাহসিন শারমিন তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এনামুল হক চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদসহ অন্যরা।