টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। রোববার (০৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপা জয়ের লড়াইয়ে নিউজিল্যান্ডের মোকাবিলা করবে ভারত।
হাইভোল্টেজ এই ম্যাচ পরিচালনা করবেন ইংল্যান্ডের দুই অভিজ্ঞ আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও অ্যালেক্স ওয়ার্ফ। এই নিয়ে টানা দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে আম্পায়ারিং করার সুযোগ পাচ্ছেন ইলিংওয়ার্থ। ২০২৪ সালের ফাইনালেও তিনি দায়িত্ব পালন করেছিলেন।
সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক ক্রিকেটের বড় বড় ম্যাচে নিয়মিত দায়িত্ব পাচ্ছেন তিনি। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল এবং ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালেও আম্পায়ার ছিলেন এই তিনি। অন্যদিকে অ্যালেক্স ওয়ার্ফের জন্য এটি প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালনের সুযোগ।
এর আগে তিনি ২০২২ সালের নারী বিশ্বকাপ ও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করেছিলেন। গত বছর তাকে আম্পায়ারদের এলিট প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়। ফাইনালে দক্ষিণ আফ্রিকার আলাউদ্দিন পালেকার তৃতীয় আম্পায়ার হিসেবে এবং চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন অ্যাড্রিয়ান হোল্ডস্টক। ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যান্ডি পাইক্রফট। লিষ্ট এখানে