সিলেটের জৈন্তাপুরে সরকারি বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পে মাটিবাহী ট্রাক থেকে চাঁদা দাবি ও শ্রমিকদের মারধরের অভিযোগে গ্রেপ্তার হওয়া ছাত্রদল নেতা রহমত মারুফকে বহিষ্কার করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের স্বাক্ষরিত চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রহমত মারুফ দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাকে যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার জৈন্তাপুর উপজেলার বড়গাং নদীর তীরবর্তী এলাকায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন এবং নদী ভাঙন রোধে চলমান সরকারি বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পে নিয়োজিত মাটিবাহী ট্রাক থেকে চাঁদা দাবি ও শ্রমিকদের মারধরের অভিযোগে বৃহস্পতিবার ইফতারের পর উপজেলার বিরাখাই ইউনিয়নের হাটিরগ্রামের নিজ বাড়ি থেকে রহমত মারুফকে জৈন্তাপুর মডেল থানা পুলিশ গ্রেপ্তার করে।
জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, সরকারি বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পে মাটিবাহী ট্রাক থেকে চাঁদা দাবি ও শ্রমিকদের মারধরের অভিযোগে ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে।