সিলেটের গোয়াইনঘাটে একটি খালি বাড়ি থেকে সংবেদনশীল অঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় গুরুতর আহত অবস্থায় এক যুবককে উদ্ধার করেছে স্থানীয়রা। উদ্ধার হওয়া যুবকের নাম মনজুর আহমদ (২৭)।
তিনি উপজেলার তোয়াকুল ইউনিয়নের লাকী গ্রামের উত্তর-পশ্চিম পাড়ার (২ নম্বর ওয়ার্ড) বাসিন্দা। তিনি স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিনের চাচাতো ভাই ও মনির উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২১ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর গ্রামের একটি খালি বাড়িতে গুরুতর আহত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী।
পরে দ্রুত তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এটি আত্মক্ষতির চেষ্টা নাকি অন্য কোনো অপরাধমূলক ঘটনার ফল তা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। খবর পেয়ে সালুটিকর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ চলছে। ঘটনাকে ঘিরে এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।