নিজস্ব প্রতিনিধি:- সিলেটের কোম্পানীগঞ্জে নিখোঁজের পর দিন আতাউর রহমান আতাই (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ২টায় উপজেলার ইছাকলস ইউনিয়নের ২নং ওয়ার্ডের পুটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তরপাশের বিলেরখড় হাওর থেকে রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয়।
আতাই মিয়া পুটামারা গ্রামের পশ্চিমপাড়ার মৃত বশির মিয়ার ছেলে।
নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি স্থানীয় পুটামারা বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় আতাউরকে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে।
পরে শনিবার সকালে বিলেরখড় হাওরে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে নিহত পরিবারের লোকজন এসে শনাক্তের পর পুলিশ মরদেহ উদ্ধার করে। আতাইয়ের মাথায় ধারালো অস্ত্রের গভীর আঘাত দেখা যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজাইর আল মাহমুদ আদনান এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যালে মর্গে পাঠানো হয়েছে। তাঁকে কী কারণে হত্যা করা হয়েছে তা তদন্ত করা হচ্ছে।