সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মসজিদের মাইকে দারুল ক্বেরাত পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতারের পর উপজেলার চাটিবহর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মসজিদের মাইকে উচ্চস্বরে দারুল ক্বেরাত পড়া নিয়ে মুসল্লিদের একপক্ষ আপত্তি জানান। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে দুই পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এতে অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।