সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন মাজার থেকে চুরি করা পাথর বোঝাই একটি ট্রাক্টর-ট্রলি আটক করেছে পুলিশ। আটককৃত চালক মো. মেহেদী হাসান তাসলিমক (২১), তিনি উপজেলার নোয়াগাঁও (কালাসাদক) এলাকার বাসিন্দা এবং একাধিক মামলার আসামি।
তার বিরুদ্ধে রয়েছে নোয়াগাঁও চেকপোস্টে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলা। মঙ্গলবার (৭ অক্টোবর) ভোলাগঞ্জ সড়কের কোম্পানীগঞ্জ সদর স্থিত চেকপোস্টে পুলিশ অভিযান চালিয়ে শাহ আরেফিন মাজার থেকে চুরি করা পাথরসহ তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, মোবাইল কোর্টে হাজির করা হলে তাকে বেআইনীভাবে চুরি করা পাথর পরিবহনের দায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাকে কোম্পানীগঞ্জ থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, “আটককৃত মো. মেহেদী হাসান তাসলিম দীর্ঘদিন ধরে বিভিন্ন চুরি ও অগ্নিসংযোগ মামলার সঙ্গে জড়িত। মঙ্গলবার তাকে পাথরসহ আটক করা হয়েছে এবং মোবাইল কোর্ট থেকে এক বছরের সাজা দেওয়া হয়েছে। মামলার আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।” স্থানীয়রা বলছেন, শাহ আরেফিন মাজার থেকে পাথর চুরির ঘটনা বহুদিন ধরে এলাকায় সমস্যা সৃষ্টি করছিল।