মৌলভীবাজারের কুলাউড়ায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে লছমুন রিকমুন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলে বিষ্ণু প্রসাদ রিকমুনকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চাতলাপুর চা বাগানে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে ধারালো ছুরি দিয়ে বাবার পেটে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় লছমুন রিকমুনকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পর থেকে আত্মগোপনে থাকা বিষ্ণু প্রসাদ রিকমুনকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন জানায়, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।