কিছুটা মুখ ফিরিয়ে নিয়েছিলেন দেশের ফুটবল থেকে দর্শকরা।
হামজা চৌধুরীর আগমনে আবারও দেশের ফুটবলের দিকে ঝুঁকছেন ভক্তরা। সম্প্রতি ভারতকে তাদের ঘরের মাঠে রুখে দিয়েছে বাংলাদেশ।
তাতে এশিয়া কাপে খেলার সম্ভাবনা বেড়েছে। আর এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজার।
লাল-সবুজের জার্সিতে নিজের অভিষেক ম্যাচেই দেশের ফুটবল ভক্তদের মন কেড়েছেন হামজা। সেটার ছাপ পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।
বাংলাদেশের হয়ে হামজার অভিষেকের এক মাসও হয়নি। এই সময়েই ফেসবুকে তার অনুসারী সংখ্যা এক মিলিয়ন বা দশ লাখ ছাড়িয়ে গেছে।
ফেসবুকে সমর্থনের জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়ে হামজা লিখেছেন, ‘ফেসবুকে এক মিলিয়ন ফলোয়ার, আলহামদুলিল্লাহ। সমর্থনের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি খুবই আনন্দিত।’
হামজা ফেসবুকে খুব বেশি যে সরব থাকেন, তা কিন্তু নয়। গত বছরের ৮ অক্টোবর তিনি ফেসবুকে নিজের নামে পেজ খুলেছেন। এরপরও খুব বেশি আপডেট দিতেন না।
তবে এবার বাংলাদেশে আসার পর নিজের ছেলেবেলার বেশ কিছু ছবি দিয়ে একটি ভিডিও পোস্ট করেন হামজা।