সাদাপাথর ও বালু লুটপাটসহ নানা অভিযোগে সমালোচিত আব্দুল ওয়াদুদ আলফু চেয়ারম্যান অবশেষে গ্রেপ্তার হলেন। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি। শনিবার (৪ অক্টোবর) বিকাল ৫টায় উপজেলার কৃষি ব্যাংকের নিচ থেকে তাকে গ্রেপ্তার করে কোম্পানীগঞ্জ থানাপুলিশ।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ওসি মো. রতন শেখ। কাজী আব্দুল ওয়াদুদ আলফু কোম্পানীগঞ্জ উপজেলার ৩নং তেলিখাল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। ওসি রতন শেখ জানিয়েছেন গ্রেপ্তার আলফু চেয়ারম্যানকে নিয়ে আমরা আরো অভিযান পরিচালনা করছি।
কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে। তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে কাজী আব্দুল ওয়াদুদকে সাদাপাথর ও বালু লুটপাটে তার জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। সাদা পাথর ও রেলওয়ে বাঙ্কার এলাকায় পাথর লুট এবং বিভিন্ন স্থানে বেআইনি বালু উত্তোলনের ঘটনায় দায়ের করা চারটি মামলায় আলফু চেয়ারম্যান শীর্ষ আসামি ছিলেন। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। এছাড়া দুদকের তালিকাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।