সিলেটে ২৪ ঘন্টা পার না হতেই আবারও ছুরিকাঘাতে খুনের ঘটনা ঘটল। বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে জালালাবাদ থানাধীন বড়গুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তি হলেন মাওলানা জুবায়ের আহমদ (৪৮)। তিনি বড়গুল এলাকার মৃত মদরিস আলীর ছেলে। খুনের বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম।
তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। শোনা যাচ্ছে ব্যাক্তিগত দ্বন্দ্ব থেকেই এই খুন। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।
নিহতের পরিবারের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা জানান, মাদ্রাসা যাওয়ার পথে নয়ন আহমদ নামে এক নিকট আত্মীয় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হলে মুমূর্ষু অবস্থায় তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখেনে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা মাওলানা জুবায়েরকে মৃত ঘোষণা করেন।
নিহত মাদ্রাসা শিক্ষকের পরিবার ও সহকর্মীরা জানান, বাকবিতন্ডার জেরে জুবায়েরকে হত্যা করা হয়েছে। এদিকে জালালাবাদ থানা পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
এর আগে ১২ আগষ্ট মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এয়ারপোর্ট থানা এলাকার বড়জান চা বাগানের পাশের খাদিমনগর জাতীয় উদ্যানের কাছে আজাদুর রহমান নামের এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। আর গত শনিবার মধ্যরাতে গোলাপঞ্জের কদমতলা এলাকায় ছুরিকাঘাতে খুন হন যুবদল কর্মী রনি হোসাইন।